টেকনাফ
সমুদ্র তীরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা-কনসার্ট
টেকনাফে আর্জেন্টিনার পতাকা হাতে সমর্থকরা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ২১:০৮
আর্জেন্টিনা সমর্থকদের উৎসবমুখর অংশগ্রহণে কক্সবাজারের টেকনাফে অনুষ্ঠিত হয়েছে বাইক শোডাউন ও কনসার্ট। শুক্রবার দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। শোভাযাত্রা ঘিরে টেকনাফজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বাইক শোডাউন শেষে মেরিন ড্রাইভ এলাকায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। এতে কক্সবাজারের কণ্ঠশিল্পী ইফতি সংগীত পরিবেশন করেন।
আয়োজক হেলাল উদ্দিন বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলা আয়োজনের মূল লক্ষ্য। আমরা আশা করছি, এবারও ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলবেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সন্ধ্যা ৭টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
- বিষয় :
- আর্জেন্টিনা
- আর্জেন্টিনা ফুটবল
- শোডাউন
- কনসার্ট
- টেকনাফ
