এবার সাতক্ষীরায় নারীর অর্ধগলিত লাশ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
রাজধানীতে দুদিনের ব্যবধানে দুই নিঃসঙ্গ নারীর লাশ উদ্ধারের পর এবার সাতক্ষীরায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অহিদা সুলতানা শিমু (৪০) নামে ওই নারীর লাশ গতকাল শুক্রবার শহরের পুরোনো সাতক্ষীরা এলাকা থেকে উদ্ধার করা হয়। শিমু ওই এলাকার মিয়ারাজ হোসেনের মেয়ে।
এর আগে গত রোববার রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনের সি-ব্লকে ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে নূরজাহান বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক ও একজন কানাডাপ্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা। যদিও মা কবে মারা গেছেন– জানাতে পারেননি মেয়ে।
আর ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে গত বুধবার উদ্ধার করা হয় সেলিনা আফরোজ নামের আরেক নারীর লাশ। চারতলা পৈতৃক বাড়ির তৃতীয় তলায় একাই থাকতেন সেলিনা। তাঁর স্বামী মোবিনুল হক, দুই মেয়ে ও এক ছেলে কানাডায় থাকেন। প্রায় ১০ বছর আগে তিনি কানাডা থেকে ফিরে একা থাকতে শুরু করেন।
শিমুর বড় বোন রাবেয়া সুলতানা বলেন, ২০০৭ সালে শহরের সুলতানপুরের সাংবাদিক আহসানের সঙ্গে ছোট বোন অহিদা সুলতানা শিমুর বিয়ে হয়। বিয়ের তিন মাস পর স্বামী আত্মহত্যা করেন। এরপর থেকে শিমু তাঁর কাছেই নিজের ঘরে থাকত। পৈতৃক সূত্রে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে সংসার খরচ চালাত। দুই মাস আগে সেটি বিক্রি করে দেয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে ডাকতে গিয়ে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। রাবেয়ার দাবি, তাঁর বোনের দুই কনুই ও পেটের ওপরের চামড়া ওঠানো ছিল।
- বিষয় :
- লাশ উদ্ধার
