ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দর

এনসিটি ইজারায় একদিনে দুই চিঠি, আবারও আলোচনায় ডিপি ওয়ার্ল্ড

এনসিটি ইজারায় একদিনে দুই চিঠি, আবারও আলোচনায় ডিপি ওয়ার্ল্ড
×

ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২১:১৭

অন্তর্বর্তী সরকারের শেষ দিকে স্থগিত হওয়া চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এক দিনেই বন্দর কর্তৃপক্ষকে দুই ধরনের চিঠি পাঠিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। সকালে পাঠানো এক চিঠিতে দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা প্রক্রিয়া দ্রুত শেষ কিংবা বাতিল করার কথা বলা হয়। একই দিন বিকেলে পাঠানো হয় আরেকটি চিঠি। সেখানে আবার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। 

চিঠি চালাচালির পর, শুক্রবার বন্ধের দিনেই মূল্যায়ন কমিটি গঠনের চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। দর-কষাকষি কার্যক্রম সম্পন্ন করার জন্য এমন চিঠি দেওয়া হয়। এতে সাত সদস্যের মূল্যায়ন কমিটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অনুরোধও জানানো হয়। 

বন্দর কর্তৃপক্ষের কেউ এটা নিয়ে সরাসরি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তবে নৌপরিবহন সচিব মো. জাকারিয়া বলেন, ‘প্রথম চিঠি দেওয়া হয়েছিল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ থেকে পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে। বন্দর কর্তৃপক্ষ এ নিয়ে নির্দেশনা চাইলে দ্বিতীয় চিঠি দিয়ে তাদের দর-কষাকষি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে নতুন করে কোনো পরিবর্তন বা অগ্রগতি নেই।’

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলমান থাকা অবস্থায় টার্মিনালটি ২০২৪ সালের ৭ জুলাই থেকে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)-কে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তারা দায়িত্ব পাওয়ার পর ধারাবাহিকভাবে এটির হ্যান্ডলিং বাড়ছে। সর্বশেষ গত মে মাসে ১ লাখ ২৬ হাজার একক কনটেইনার পরিবহন করে আগের সব রেকর্ড ভেঙেছে সিডিডিএল। এর আগে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক টার্মিনালটি পরিচালনা করেছিল।

এনসিটি ডিপি ওয়ার্ল্ডের কাছে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়। তখন সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) প্রক্রিয়ার আওতায় এ আলোচনা চলে। পরে এটি টেনে নেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু শ্রমিক অসন্তোষের কারণে অন্তর্বর্তী সরকার এনসিটি ইজারা প্রক্রিয়া স্থগিত ঘোষণা করে গত ৯ ফেব্রুয়ারি। এখন আবার সেই আলোচনা এগিয়ে নিচ্ছে নতুন সরকার। তবে শ্রমিক নেতারা এখনো আগের অবস্থানে আছেন। বিদেশি প্রতিষ্ঠানকে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে তারা ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন

×