৬ দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
চমেকের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৭:৫৩ | আপডেট: ০৭ জুন ২০২৬ | ১৭:৫৪
সারাদেশের মতো ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ রোববার সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। পরে সকাল সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।
অ্যসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, সারাদেশের মতো ছয় দফা দাবি আদায়ে কর্মবিরতি কর্মসূচি শুরু করেছি আমরাও। প্রশাসনের পক্ষ থেকে ছয় দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে কিছুটা আশ্বাস দেওয়া হলেও বাকি দাবিগুলোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি মেলেনি। তাই, কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছি। এখনও হাসপাতালের আউটডোর, ইমার্জেন্সিসহ সব রকম সেবা সচল আছে। তবে সরকার ও দায়িত্বশীলরা দ্রুত সময়ের মধ্যে দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ না নিলে শাটডাউনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো আমরা।
ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা বলেন, অবিলম্বে গত ১৯ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত নোটিশটি বাতিল করতে হবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এ আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। এছাড়াও, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, বিসিএস ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা।
- বিষয় :
- চট্টগ্রাম
