ঢাকঢোল বাজিয়ে দাফনের প্রস্তুতি, আলেমদের হস্তক্ষেপে স্বাভাবিক জানাজা
ঢাকঢোল বাজিয়ে দাফনের প্রস্তুতির ঘটনায় বিস্মিত হন স্থানীয় লোকজন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৫:৪৫ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ১৬:১০
কিশোরগঞ্জের কটিয়াদীতে শতবর্ষী এক বৃদ্ধকে দাফনের সময় মরহুমের ‘শেষ ইচ্ছা’ পূরণে পরিবারের সদস্যরা ঢাকঢোল বাজিয়ে দাফনের প্রস্তুতি নেয়। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে স্থানীয় ব্যক্তি ও আলেম-উলামাদের হস্তক্ষেপে ইসলামী বিধান অনুযায়ী জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। রোববার দুপুরে কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহেতেরটেকী মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, বার্ধক্যজনিত কারণে শামসুদ্দিন মিয়া নামে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা ঢাকঢোল বাজিয়ে বিদায় দেওয়ার প্রস্তুতি নেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করে। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরিবারের সদস্যদের দাবি, শামসুদ্দিন মিয়া জীবদ্দশায় মৃত্যুর পর ঢাকঢোল বাজিয়ে তাকে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মরহুম ও তার পরিবার নেত্রকোনাভিত্তিক প্রয়াত পীর গাজী আকবর আলায়ী রিজভীর অনুসারী ছিলেন বলেও জানা গেছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ব্যক্তি, আলেম-উলামা ও সচেতন নাগরিকরা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। তারা কোরআন-হাদিসের আলোকে ইসলাম ধর্ম অনুযায়ী জানাজা ও দাফনের বিধান তুলে ধরেন। পরে পরিবারের সদস্যরা ঢাকঢোল ও অন্যান্য আয়োজন বন্ধ করে দেন। এরপর স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
স্থানীয় আলেম মাওলানা তোফাজ্জল হক রাশেদী বলেন, ‘পরিবারের সদস্যদের বিষয়টি বুঝিয়ে বলা হলে তারা তা মেনে নেন। পরে শান্তিপূর্ণভাবে জানাজা ও দাফন সম্পন্ন হয়।’
মরহুমের ছেলে খায়রুল ইসলাম ও নাজিমুদ্দিন জানান, তারা তাদের বাবার শেষ ইচ্ছা পূরণের চেষ্টা করেছিলেন। তবে আলেমদের পরামর্শ ও স্থানীয়দের মতামত বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত প্রচলিত নিয়মেই দাফন সম্পন্ন করা হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
