ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ৩

কুমিল্লায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ৩
×

ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ০৫:৪৩

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন থ্রি-হুইলার চালকরা। পুলিশের দাবি, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মামলা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর জেরে তিনজনকে আটক করা হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান চালানোর সময় একটি যানকে আটক করে মামলা দেওয়া হয়। এর জেরে কয়েকজন চালক সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং হাইওয়ে পুলিশের একটি ভ্যানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হাইওয়ে পুলিশ একটি থ্রি-হুইলার আটক করলে সেটির চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় পুলিশ ওই থ্রি-হুইলার জব্দ করার চেষ্টা করলে চালকরা সংঘবদ্ধ হয়ে তা মহাসড়কের ওপর উল্টে ফেলে দেয়। মুহূর্তেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চালক ও তাদের লোকজন পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন যুবক পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করছেন। একজনকে গাড়ির ওপর উঠে ভাঙচুর করতেও দেখা যায়।

এ ঘটনার পর মহাসড়কের দুদিকে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় আধাঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। 

রাতে বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান চলছে। অন্যদিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, কিছু ভিডিও দেখে গাড়িতে হামলা ও ভাঙচুরে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×