ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

স্থবির নাকুগাঁও স্থলবন্দর

স্থবির নাকুগাঁও স্থলবন্দর
×

মজুরি বৃদ্ধির দাবিতে ডাকা কর্মবিরতিতে রাস্তায় নেমে আসেন নাকুগাঁও স্থলবন্দরের শ্রমিকরা সমকাল

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ০৮:৩৩

| প্রিন্ট সংস্করণ

মজুরি বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা। ফলে ভারত ও ভুটান থেকে আমদানি করা পাথর গাড়িতে লোড-আনলোড বন্ধ হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে এ কার্যক্রম। এদিকে এ নিয়ে আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে প্রশাসনের উদ্যোগে বৈঠক হলেও বাগ্‌বিতণ্ডার কারণে তা ভেস্তে যায়।

শ্রমিকরা জানান, বর্তমানে সিএফটিপ্রতি পাথর গাড়িতে তুলতে তারা পারিশ্রমিক পান তিন টাকা ৩০ পয়সা। আর টনপ্রতি পাথর আনলোড করতে পান ৩১ টাকা। ডাম্পার গাড়ি থেকে পাথর আনলোড করতে পান ২০০ টাকা। তারা এখন সিএফটিপ্রতি লোড করতে ৭০ পয়সা ও আনলোড করতে টনপ্রতি ১৯ টাকা এবং ডাম্পার গাড়ি থেকে পাথর আনলোড করতে ২০০ টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন। বন্দরে লোড-আনলোড শ্রমিক রয়েছেন সাত শতাধিক।

দুপুরে প্রশাসনের সহায়তায় আমদানি-রপ্তানিকারক ও শ্রমিক ইউনিয়নের বৈঠক চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ছামাদ বলেন, বৈঠকে আমদানিকারকদের কেউ কেউ আমাদের চাঁদাবাজ বলে আখ্যা দেন। ফলে পরিবেশ উত্তপ্ত হয় এবং বৈঠক ভেঙে যায়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। একটি সিন্ডিকেটের হাতে স্থলবন্দর জিম্মি।
নাকুগাঁও আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, শ্রমিকদের দাবি আমরা সবসময় সহানুভূতির সঙ্গে বিবেচনা করি। তবে এবার তারা যে দাবি জানিয়েছে, তা অযৌক্তিক। অন্যান্য বন্দরের মতোই আমরা মজুরি দিয়ে থাকি। কর্মবিরতির ফলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হতে বসেছে। এর পেছনে কোনো অশুভ শক্তি কাজ করছে বলে আমাদের ধারণা।

আরও পড়ুন

×