নারায়ণগঞ্জ
হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশে অসন্তোষ স্বাস্থ্যমন্ত্রীর, ৩ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ জেলার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবার উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। ছবি: সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৫:৪৮ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৫:৫০
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া হাসপাতাল) পরিদর্শনকালে রান্নাঘরসহ হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন দেখে সংশ্লিষ্টদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি তিন দিনের মধ্যে রান্নাঘর ও অন্যান্য স্থানের পরিচ্ছন্নতা নিশ্চিত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ১০ জেলার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবার উদ্বোধন এবং হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এ নির্দেশনা দেন।
নির্ধারিত সময়ের আগেই হাসপাতালে পৌঁছে উপদেষ্টা চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার একপর্যায়ে রান্নাঘরে গিয়ে রান্নার সরঞ্জাম ও পরিবেশ নোংরা দেখতে পেয়ে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. মশিউর রহমানের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
তিনি সতর্ক করে বলেন, তিন দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চলতি বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ৮০ হাজার হবেন নারী।
তিনি আরও বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গর্ভবতী মায়েদের সেবা দেবেন এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর মানোন্নয়ন করা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জসহ দেশের ১০ জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা চালু করা হয়েছে বলেও জানান তিনি। এ কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি খাতের সহযোগিতার কথা উল্লেখ করে আইসিইউ সেবা সচল রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, নারীদের জন্য দুটি ১ হাজার ৫০০ শয্যার বিশেষায়িত হাসপাতালসহ দেশজুড়ে ২০টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে কিডনি ডায়ালাইসিস, স্তন ক্যানসার চিকিৎসাসহ বিভিন্ন বিশেষায়িত সেবা দেওয়া হবে। এ ছাড়া উপজেলা পর্যায় থেকে গুরুতর রোগীদের দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে স্থানান্তরের জন্য চারটি হেলিকপ্টার কেনার পরিকল্পনার কথাও জানান তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
