ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো
×

ছবি: সমকাল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৯:৪৭

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের সময় জানা গেছে, আইসিইউ ইউনিটের ১০টি ভেন্টিলেটরের মধ্যে মাত্র একটি সচল রয়েছে। বাকি ৯টি ভেন্টিলেটর কারিগরি ত্রুটির কারণে অকেজো অবস্থায় রয়েছে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলার ১০ শয্যার আইসিইউ ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এসব আইসিইউ ইউনিটের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতাল, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা সদর হাসপাতাল এবং বাগেরহাট জেলা সদর হাসপাতাল।

এ সময় গোপালগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিহাব ইনামসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, ‘২০২০ সালে বরাদ্দ পাওয়া ভেন্টিলেটরগুলো দীর্ঘদিন ব্যবহার হয়নি। এগুলো নিম্নমানের হওয়ায় অধিকাংশই অকেজো হয়ে পড়েছে। গোপালগঞ্জে আইসিইউ ও ভেন্টিলেশন চালু হয়নি। তাই রোগীরা দীর্ঘদিন এ সেবা থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’ 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, ২০২০ সালে আইসিইউ ইউনিটের সরঞ্জাম ক্রয় করা হয়। বর্তমানে ১০টি ভেন্টিলেটরের মধ্যে মাত্র একটি সচল রয়েছে। এর মধ্যে কয়েকটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হয়েছে। তবে আইসিইউ বেড, মনিটরসহ অন্যান্য যন্ত্রপাতি কার্যকর রয়েছে। অকেজো ভেন্টিলেটরগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইসিইউ ইউনিট পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবলেরও ঘাটতি রয়েছে। তবে জনবল বৃদ্ধি এবং যন্ত্রপাতি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বলেন, দেশের ১০টি জেলায় একযোগে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জে ১০টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। ভেন্টিলেটরগুলোর কারিগরি সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সেগুলো সচল করা হবে বলে আশা করছি। 

আরও পড়ুন

×