গোপন কার্যক্রম চালানোর অভিযোগে সাবেক রাবি ছাত্রলীগ নেতা আটক
সাবেক ছাত্রলীগ নেতা সোলাইমান
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২০:২০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গোপন কার্যক্রম চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করেছে একদল শিক্ষার্থী। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক নেতার নাম সোলাইমান। তিনি মাদারবক্স হল শাখা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এবং বোটানি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।
পুলিশে সোপর্দের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সমকালকে বলেন, ‘সোলাইমান আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের এক শিক্ষার্থীকে টর্চারসেলে নির্যাতন করেছিল। এ কারণেই সেই শিক্ষার্থী ও তার বন্ধুরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। এছাড়াও নতুন করে ছাত্রলীগকে সক্রিয়করণের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পরে মতিহার থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির সমকালকে বলেন, ‘সোলাইমান ছাত্রলীগের বিভিন্ন গোপন কার্যক্রম চালাচ্ছিল। তারা গোপন মিটিংয়ের মাধ্যমে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে তথ্য পাওয়ার পরই আমরা ক্যাম্পাস থেকে তাকে আটক করি।’
- বিষয় :
- রাবি
- ছাত্রলীগ নেতা
- গ্রেপ্তার
