বাণিজ্য চুক্তি বাতিল দাবি
এবার হানিফ বাংলাদেশির রোডমার্চ দিনাজপুরে
বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে রোডমার্চে হানিফ বাংলাদেশি ও সহযোগীরা। ছবি: সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ০৯:৪৩
অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি চলমান সংসদে বাতিলের দাবিতে রোডমার্চ শুরু করেছেন মোহাম্মদ হানিফ ওরফে ‘হানিফ বাংলাদেশি’। দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার উপজেলা শহরের তেঁতুলগাছ তলা থেকে তিনি এই রোডমার্চ শুরু করেন।
গতকাল রোববার তেঁতুলিয়া থেকে তাঁর সঙ্গে আসা রোডমার্চকারীরা দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ সমতা পার্টির সভাপতি হানিফ বাংলাদেশির সঙ্গে রয়েছেন কমরেড মুশফিক বরাত, সাকিল আল হাসান, মুকুল হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।
হানিফ বাংলাদেশি জানিয়েছেন, প্রতিদিন কমপক্ষে ৩টি জেলাতে রোডমার্চ কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত ও সচেতন করতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন। আগামী ১৮ জুন কক্সবাজার জেলার টেকনাফে এই রোডমার্চ কর্মসূচি শেষ করার কথাও জানান তিনি।
কর্মসূচিতে তিনি জাতীয় স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে দেশে দুর্নীতি, চাঁদাবাজি, জুলুম, অরাজকতা, দখলবাজি বন্ধের জন্য সরকারের কাছে আহ্বান জানান। একই সঙ্গে অনিয়মে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চুক্তির ক্ষতিকর দিক তুলে ধরে হানিফ বাংলাদেশি সমকাল প্রতিবেদককে বলেন, এই গোলামী চুক্তি বাস্তবায়ন হলে ১৮ কোটি মানুষ দাশে পরিণত হবে। দেশের মানুষ ক্ষতির সম্মুখীন হবে। আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি মূল্যে সয়াবিন, তুলা, গম, কৃষিজাত, বোয়িংসহ বিভিন্ন পণ্য ক্রয় করতে হবে। মুক্ত বাজার অর্থনীতির যুগে এই চুক্তির ফলে আমেরিকার অনুমোদন ছাড়া কোনো পণ্য ক্রয় করতে পারবে না।
- বিষয় :
- দিনাজপুর