ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আর্জেন্টিনার পতাকার রঙে পুরো বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী

আর্জেন্টিনার পতাকার রঙে পুরো বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী
×

আর্জেন্টিনার পতাকার রঙে বাড়ি সাজিয়েছেন মেসি ভক্ত মেহেদী হাসান

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৩:২৮ | আপডেট: ১৬ জুন ২০২৬ | ১৩:৩২

রাস্তা দিয়ে চলতে চোখ যায় বাড়িটির দিকে। পুরো বাড়ির চারপাশের দেয়াল নীল আর সাদা রঙ দিয়ে রাঙানো। দেখতে আর্জেন্টিনার পতাকার মতো। দেয়ালের দুই পাশে মেসির ছবিও আঁকা হয়েছে। তবে এটি মেসির বাড়ি নয়, মেসির ভক্ত মেহেদী হাসানের বাড়ি। 

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট এলেই বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের সাথে বাংলাদেশের ভক্তদেরও এমন কিছু উন্মাদনা চোখে পড়ে। যেগুলোর দৃশ্য ফেসবুক পেজে দ্রুতগতিতে ঝড় তোলে। তারই এক উদাহরণ জয়পুরহাট সদর উপজেলার আউশগাড়া ইনরাপাড়ার বাসিন্দা মেহেদী হাসান। আর্জেন্টিনা দল ও মেসিকে দারুণ ভালোবাসেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে তিনি নিজের বাড়ির চার দেয়াল রাঙিয়েছেন দলটির পতাকার রঙের সাথে রঙ মিলিয়ে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, আউশগাড়া গ্রামের কিশোর-যুবক থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত খেলা ভক্ত। এই গ্রামের অধিকাংশ বাসিন্দা আর্জেন্টিনা ও ব্রাজিল দলেরই সমর্থক। সবার মধ্যে আর্জেন্টিনা দলকে একটু বেশি ভালোবাসেন যুবক মেহেদী হাসান। ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা ভালোবাসেন, আর্জেন্টিনাকে সমর্থন করেন। 

মেহেদী হাসান যে এই প্রথম তা নয়, ২০০৬ সালে বিশ্বকাপের সময় থেকে তিনি নিজের বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়ানো শুরু করেন। তারই ধারাবাহিকতায় এবার নিজের বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন।

সোমবার দুপুরে মেহেদী হাসানের বাড়িতে গিয়ে দেখা যায়, ইট দিয়ে তৈরি বাড়ির প্রবেশ পথের বাম পাশে রয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাড়ির চারপাশের দেয়ালে সবই আর্জেন্টিনার পতাকার রঙে রঙ করেছেন। একপাশের দেয়ালে ফুটবল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মেসি আর পেছনের পাশে মেসির ছবি আঁকা হয়েছে।

দেয়ালের দুই পাশে মেসির ছবিও আঁকা হয়েছে

মেহেদী হাসান বলেন, আমি ঢাকার আশুলিয়ায় একটি শোরুমে ম্যানেজার পদে চাকরি করতাম। বর্তমানে বাড়িতেই বসবাস করছি। ছোট বেলা থেকেই আর্জেন্টিনা দলের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। এই ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। মনের ভালোবাসা থেকেই সাপোর্ট করা দলের পতাকার রঙ দিয়ে বাড়ি সাজিয়েছি। এছাড়া আমাদের গ্রামের আর্জেন্টিনার সমর্থকদের অর্ধশতাধিক জার্সি উপহার দিয়েছি, আরও দেব। আগামীকাল বুধবার ভোরে আর্জেন্টিনার দল মাঠে নামবে। ওইদিন কেক কাটা হবে এবং খেলা দেখার সময় খাবারের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

একই গ্রামের বাসিন্দা ফয়সাল রহমান বলেন, ‘আমি নিজেই আর্জেন্টিনার সাপোর্টার। মেহেদীর বাড়িটি দেখে আমার খুবই ভালো লাগছে। দেয়ালে মেসির ছবিও আছে। তিনি মেসির বড় ভক্ত। আর আমাদের গ্রামে আর্জেন্টিনা ছাড়া ব্রাজিলেরও ভক্ত রয়েছে। তবে আর্জেন্টিনার ভক্ত বেশি। মেহেদী অনেককে জার্সিও দিয়েছেন। আমরা সবাই মিলে এক সাথে খেলা দেখব এবং উৎসব করব।’

আরেক বাসিন্দা আনিছুর রহমান বলেন, ‘মেহেদী হাসানের এই আর্জেন্টিনার পতাকা রঙের বাড়ি দেখতে এখন প্রতিদিন আশপাশ গ্রামের ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন। খেলার প্রতি এমন ভালোবাসা এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমার বিশ্বাস এবার বিশ্বকাপ আর্জেন্টিনা নেবে।’
 

আরও পড়ুন

×