ঢাকা মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভৈরবে গ্যাস সিলিন্ডার লিকেজে গ্যারেজে অগ্নিকাণ্ড

ভৈরবে গ্যাস সিলিন্ডার লিকেজে গ্যারেজে অগ্নিকাণ্ড
×

ভৈরব নদীঘাট ও ভৈরব বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি: সমকাল

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রকাশ: ১৬ জুন ২০২৬ | ১৪:১০

কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে একটি অটোরিকশা বডি তৈরির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গ্যারেজ মালিক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আমলাপাড়া পাকিস্তান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভৈরব নদীঘাট ও ভৈরব বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যারেজ মালিক নাঈম মিয়া জানান, তার গ্যারেজে অটোরিকশা মেরামতের পাশাপাশি পুরোনো বডি তৈরির কাজ চলত। রড বাঁকানোর কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো গ্যারেজে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে গ্যারেজের দুটি কক্ষে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ মিয়া বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভৈরব বাজার এলাকায় দীর্ঘদিনের যানজটের কারণে জরুরি সেবার যানবাহন দ্রুত পৌঁছাতে সমস্যায় পড়ে। যানজট নিরসন করা গেলে ফায়ার সার্ভিস আরও দ্রুত সাড়া দিতে পারবে বলে তিনি মন্তব্য করেন।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ভৈরবে অটোরিকশা বডি তৈরির বেশ কয়েকটি অবৈধ কারখানা রয়েছে। এসব কারখানায় নিয়মিত তদারকি না থাকায় মাঝেমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান।
 

আরও পড়ুন

×