নিজ এলাকায় স্বল্প খরচে চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সমকাল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৮:০০
মানুষ যাতে নিজ এলাকার কাছেই স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটিতে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন ওয়ার্ড, রন্ধনশালা ও সেবাসংক্রান্ত বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এতে দরিদ্র রোগীরা কম খরচে নিজ এলাকার কাছেই চিকিৎসাসেবা নিতে পারবেন। আমরা চাই না চিকিৎসার অভাবে কোনো মানুষের মৃত্যু হোক। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
রাজবাড়ী সদর হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতালের জন্য একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি হাসপাতালের মর্গে ফ্রিজার সংযোজন করা হবে। একই সঙ্গে সেবার মান, চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়গুলোও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
চিকিৎসক সংকটের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও প্রশিক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। আমরা সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে।
তিনি জানান, সম্প্রতি রাজবাড়ী সদর হাসপাতালে ১৪ জন চিকিৎসক পদায়ন করা হলেও তাদের মধ্যে ছয়জন এখনো কর্মস্থলে যোগদান করেননি। একজন নারী চিকিৎসক দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকে অন্যত্র চিকিৎসাসেবা দিচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। তাকে সাত দিনের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের ১০ শয্যার আইসিইউ ইউনিট কার্যকর না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, শুধু আইসিইউ নয়, ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। এ সংক্রান্ত সভা ও টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এবারের বাজেটে ডায়ালাইসিস সেবার ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে নতুন ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), ভেন্টিলেটর, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা, সি-প্যাপ এবং অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করা হয়েছে।
পরিদর্শনকালে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এবং রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
- বিষয় :
- হাসপাতাল
- পরিদর্শন
- স্বাস্থ্যমন্ত্রী