ভুট্টাক্ষেতে দেখা মিলল বাঘের মতো প্রাণী
ভিডিও দেখে এটি বড় আকৃতির শেয়াল বলে ধারণা করা হচ্ছে। ছবি: ভিডিও থেকে নেওয়া
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৩:২৫ | আপডেট: ২২ জুন ২০২৬ | ১৪:০৯
নাটোর জেলার ওষুধি গ্রাম সংলগ্ন একটি সড়কের পাশে রয়েল বেঙ্গল টাইগার আকৃতির একটি প্রাণী দেখা যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সন্ধ্যার আগে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে প্রাণীটিকে হেঁটে যেতে দেখেন। পরে শহিদুল্লাহ নামে এক যুবক দূর থেকে মোবাইলে এর ভিডিও ধারণ করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
প্রত্যক্ষদর্শী শহিদুল্লাহ বলেন, 'ওষুধি গ্রামের আমিরগঞ্জ বাজার সড়কের পাশে ভুট্টা জমির মধ্যে দিয়ে রয়েল বেঙ্গল টাইগার আকৃতির প্রাণীটি হেঁটে যাচ্ছিল। পরে মোবাইলে ভিডিও ধারণ করি। এসময় প্রায় দেড়শ মানুষ জড়ো হয়ে প্রাণীটিকে ধাওয়া করলে সেটি ভুট্টাক্ষেতের মধ্যে ঢুকে পড়ে। পরে আর খোঁজ পাওয়া যায়নি।'
স্থানীয় নুরুজ্জামান হোসেন বলেন, 'বাঘের কথা শুনে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সবাই নিজ নিজভাবে সতর্কতা অবলম্বন করছে। শিশুদের বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না।'
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে জানা গেছে। গ্রামবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সন্ধ্যার পর একা চলাচল না করা এবং গবাদিপশু নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, নাটোর কৃষিনির্ভর জেলা এবং সুন্দরবন থেকে অনেক দূরে হওয়ায় এখানে রয়েল বেঙ্গল টাইগার আসার সম্ভাবনা নেই। ভিডিও দেখে এটি বড় আকৃতির শেয়াল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, 'এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাঘ হলে মানুষ দেখলেই আক্রমণ করত। কিন্তু সেটি হয়নি। তাই এটি বাঘ নয় বলেই ধারণা করছি।' তিনি আরও জানান, প্রাণীটি সম্ভবত আশপাশের জলাভূমি বা ঝোপঝাড় এলাকায় আশ্রয় নিয়ে থাকতে পারে। তবে প্রকৃতপক্ষে এটি কী ধরনের প্রাণী, তা নিশ্চিত করতে বন বিভাগ বিষয়টি তদন্ত করে দেখবে।
