ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘কাঁচপুরে বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে’

‘কাঁচপুরে বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে’
×

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:৩২

| প্রিন্ট সংস্করণ

সোনারগাঁ উপজেলার কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ। তিনি বলেন, ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের একাংশ এখানে স্থানান্তরিত হবে। টার্মিনালটি চালু হলে রাজধানীর যানজট কমার পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে।
গতকাল বুধবার বিকেলে কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। রাজধানীকে যানজটমুক্ত করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁচপুর টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কাজ চলছে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, বিগত সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে যত্রতত্র ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল। যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে যানজটে ভোগান্তির মাধ্যমে। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন

×