কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, আটক ২
নিহত সাইয়েদ আবদুল্লাহ সিয়াম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১৩:৩৯ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১৩:৪৮
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকা নাইমা জাহানের বিরুদ্ধে। সোমবার ভোরে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাইমা জাহান ও তার বন্ধু আরিয়ান খানকে আটক করেছে পুলিশ।
নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।
পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাইমা জাহানের সঙ্গে সিয়ামের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার রাতে নাইমা সিয়ামের লক্ষীপুরের গ্রামের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান অবস্থান করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইমা দাবি করেন, তাদের মধ্যে বিয়ে নিয়ে বিরোধ চলছিল। ভোরে সিয়াম তাকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করা হয়।
সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুজনকে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন বলেন, নাইমা হত্যার বিষয়টি স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আটক নাইমাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা
- নিহত
- প্রেমিকা
- কুমিল্লা
