আতশবাজিতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২০:৫৪
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ে উৎসবের সময় আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলায় বাধা দেওয়ায় মো. শরীফ নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে। গত সোমবার রাত ১টার দিকে কুমিল্লা নগরীর থিরাপুকুর পাড়ে এই ঘটনা ঘটে। আহত শরীফকে কুমিল্লা জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। কুমিল্লা কোতোয়ালি থানার এএসআই হিসেবে কর্মরত তিনি।
পুলিশ জানায়, গত সোমবার রাতে বিশ্বকাপে ব্রাজিলের জয়ের পর আনন্দ মিছিল বের করেন ব্রাজিল সমর্থকরা। নগরীর থিরাপুকুর পাড়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে একদল কিশোর। এ সময় ওই এলাকায় টহল পুলিশের দায়িত্ব পালনকারী এএসআই শরীফ তাদের নিবৃত্ত করার চেষ্টা করায় একজন যুবক তাঁর পিঠে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার সমকালকে বলেন, ‘এই ঘটনায় জড়িত যুবককে এখনও শনাক্ত করা যায়নি। জড়িত যুবককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’
