ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মৌলভীবাজারে মতিন হত্যার ঘটনার ক্লু উদ্ধার, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজারে মতিন হত্যার ঘটনার ক্লু উদ্ধার, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫
×

প্রতীকী ছবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৪:৪৬ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ০৪:৪৬

মৌলভীবাজারে জমি-জমাসংক্রান্ত বিষয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের ষড়যন্ত্রে খুন হন আব্দুল মতিন (৫৮)। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার আপন ভাইবোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের কথা জানিয়ে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মতিন গত ২৮ জুন সকালে জেলা সদরের আদালতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ওইদিন সন্ধ্যা পর্যন্ত বাড়িতে তিনি ফিরে না এলে তার স্ত্রীসহ অন্যান্য স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা জানতে পারেন, স্থানীয় সুন্দর মিয়ার পুকুরপাড়ের পূর্বপাশের ঢালের মাঝে হাত, পা বাঁধা, গলায় শার্ট পেছানো এক ব্যক্তির লাশ পড়ে রয়েছে। ওই লাশ নিখোঁজ আব্দুল মতিনের বলে স্বজনরা শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পরদিন মৃত মতিনের স্ত্রী লাকি বেগম শেফা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে। পুলিশের তদন্তে বেরিয়ে আসে নিহত ব্যক্তির ভাই-বোনদের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধের কাহিনী। দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে সন্দেহ হলে পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ শুরু করে। নিহতের ভাই আব্দুল মজিদকে হত্যার মূল পরিকল্পনাকারী ধরে তদন্ত শুরু করে পুলিশ। 

পুলিশ জানায়, সহোদর মজিদের পরিকল্পনায় গত ২৮ জুন মৌলভীবাজার শহরে যাওয়ার পথে আব্দুল মতিনের পিছু নেয় একটি চক্র। তারা সুযোগ বুঝে মতিনকে একটি গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিপু কুমার দাস জানান, এ মামলায় নারী ও আপন ভাইসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- আপন ভাই আব্দুল মজিদ (৫০), আব্দুল আজিদ (৪৩), আব্দুল রউফ (৫৬), বোন আয়েশা আক্তার রত্না (৩৭) এবং আব্দুল মজিদের স্ত্রী তুলি বেগম (৪০)।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। ইতিমধ্যে মূল পরিকল্পনাকারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×