সিলেটে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে তর্ক, ছুরিকাঘাতে যুবক নিহত
ম্যাপ
সিলেট ব্যুরো
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৩:২০
সিলেটে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ (২৮) লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। অভিযুক্ত পারভেজ আহমদ (৩২) একই বাড়ির মোস্তকিন আলীর ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই। ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ওই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে গোল করার সময় চিৎকার করেন আলম আহমদ। এ নিয়ে পারভেজ আহমদ তার সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে পারভেজ ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আলমকে গভীর রাতে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পারভেজ আহমদকে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের নানাবাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
তিনি জানান, ফুটবল খেলায় চিৎকার দেওয়াকে কেন্দ্র করে খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখবে। পুলিশ মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা
- সিলেট
- বিশ্বকাপ ফুটবল
