ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সরকারি বরাদ্দের বাইসাইকেল নাতনিকে উপহার, সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা

সরকারি বরাদ্দের বাইসাইকেল নাতনিকে উপহার, সমালোচনার মুখে ফেরত দিলেন জামায়াত নেতা
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৪:৪৬ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৪:৫৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দে কেনা বাইসাইকেল নিজের নাতনিকে উপহার দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সমালোচনার মুখে গতকাল বুধবার দুপুরে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাইকেলটি হস্তান্তর করেছেন তিনি।

তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) আওতায় ২০২৫-২৬ অর্থবছরের সরকারি বরাদ্দ দিয়ে কেনা বাইসাইকেল, ছাগল, স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল ও হুইলচেয়ার  মানুষের মাঝে বিতরণ করেন সংশ্লিষ্টরা। এর মধ্যে বাইসাইকেল ছিল ২৪টি। বিতরণকৃত সেসব বাইসাইকেলের মধ্যে একটি বাইসাইকেল উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম মাদ্রাসাছাত্র সাইমুনের নামে বরাদ্দ দেখান। এরপর বাইসাইকেলটি নিজে স্বাক্ষর করে তুলে নেন। পরে সেই সাইকেলটি তিনি তাঁর নাতনিকে উপহার দেন বলে অভিযোগ ওঠে।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই স্বাক্ষর করার ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে বুধবার দুপুরে সেই বাইসাইকেলটি উপজেলা নির্বাহী অফিসে ফেরত দেন জামায়াত নেতা মাওলানা তাজুল ইসলাম। 

এ ব্যাপারে মাওলানা তাজুল ইসলাম প্রথমে বলেন, সাইকেলটি তাঁর প্রতিবেশী এক ছেলেকে দেওয়া হয়েছিল। এর পরক্ষণেই বক্তব্য বদলে তিনি স্বীকার করেন, তাঁর ছেলে বেকার এবং আর্থিক সংকটে থাকায় সাইকেলটি তাঁর নাতনি মারিয়াকে দেওয়া হয়েছিল।

কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাইকেল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। পরে স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সাইকেলটি ফেরত আনা হয়েছে। এরপর সাইকেলটি নতুন করে সুমাইয়া খাতুন নামের একটি মেয়েকে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, বাইসাইকেল ছাড়াও অন্যান্য উপকরণ (যেমন: সেলাই মেশিন, ছাগল, স্প্রে মেশিন ইত্যাদি) বিতরণে আর কোনো অনিয়ম হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্ত চালানো হচ্ছে।

আরও পড়ুন

×