আদালত অবমাননার দায়ে নারী চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড
ফাইল ছবি
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৬:৩৫
জামালপুরে আদালত অবমাননার দায়ে সানজিদা ইসলাম নামের এক চিকিৎসককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন।
কারাদণ্ডাদেশ পাওয়া ওই নারী চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালের মেডিকেল রিপোর্ট চিকিৎসক। একাধিকবার সমন জারি করার পরও ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে আদালতে না আসায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. ফজলুল হক জানান, জামালপুরের বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্ট চিকিৎসক সানজিদা ইসলাম আদালতে জমা দিয়েছিলেন। পরে বিচারকার্য পরিচালনার স্বার্থে তাকে একাধিকবার সমন জারি করা হলেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে সাড়া দেননি তিনি।
তিনি আরও বলেন, আদালত গত ২৯ জুন তাকে কারণ দর্শানোর নোটিশও দেন এবং ১ জুলাই বুধবার সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি সেই আদেশও অমান্য করায় আদালত এই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন।
- বিষয় :
- জামালপুর
- আদালত অবমাননা
- কারাদণ্ড
- আদালত
