ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

দুর্গাপুর সীমান্তে পরিত্যক্ত মর্টারের গোলা উদ্ধার

দুর্গাপুর সীমান্তে পরিত্যক্ত মর্টারের গোলা উদ্ধার
×

ছবি: সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ১৯:৪০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত ৬০ মিলিমিটার মর্টারের গোলা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে গোলাটির নিরাপত্তা নিশ্চিত করে তা ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১১টা ৫৫ মিনিটে ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ১১৯৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের একটি নালায় মাছ ধরতে গিয়ে কয়েকজন শিশু কাদামাটির মধ্যে একটি গোলা দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী (৩০) গোলাটি নালা থেকে তুলে বাড়ির নিকটবর্তী নিরাপদ স্থানে রেখে বিষয়টি ভবানীপুর বিওপিতে জানান।

খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে সেটিকে ৬০ মিলিমিটার মর্টারের একটি অবিস্ফোরিত গোলা হিসেবে শনাক্ত করে। নিরাপত্তার স্বার্থে গোলাটিকে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয় এবং ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিজিবি জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে গোলাটি নিরাপদে ধ্বংসের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া অবিস্ফোরিত গোলাটি নিরাপদে ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় কোনো পরিত্যক্ত বা সন্দেহজনক বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত বিজিবি, পুলিশ বা স্থানীয় প্রশাসনকে জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি। 

আরও পড়ুন

×