ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

খেলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে তিন বন্ধু, প্রাণ গেল দু’জনের

খেলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে তিন বন্ধু, প্রাণ গেল দু’জনের
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২০:০৪ | আপডেট: ০৫ জুলাই ২০২৬ | ২০:০৪

গাজীপুরের টঙ্গীতে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নদীর প্রবল স্রোতে তিন বন্ধু ভেসে গেলেও একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে অপর দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন তুরাগ নদে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর এলাকার আনিসুল হকের ছেলে শামীম আহমেদ (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা এলাকার সাইফুল ইসলামের ছেলে আফনান হোসেন (১৩)। দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অপর বন্ধু শিপন মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। তিন বন্ধুর পরিবারই টঙ্গীর বউবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

টঙ্গী নৌ পুলিশ জানায়, তিন বন্ধু খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। একপর্যায়ে তারা নদীর প্রবল স্রোতে ভেসে যেতে থাকে। শিপন সাঁতরে তীরে উঠলেও শামীম ও আফনান নদীর গভীরে তলিয়ে যায়।

শিপনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল ৩টার দিকে নদীর তলদেশ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×