ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে এক দিনে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

চট্টগ্রামে এক দিনে ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত
×

চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতা। ফাইল ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২৩:১৩

চট্টগ্রামে গত ৪২ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নগরীতে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ১৯৮৪ সালের পর এটিই একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালে একই সময়ে ২৪ ঘণ্টায় ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল, যা এখনো সর্বোচ্চ। তবে চলমান ভারী বর্ষণ অব্যাহত থাকায় সেই রেকর্ডও ভাঙতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা সুমন সাহা বলেন, নিম্নচাপের প্রভাবে অতীতেও টানা বৃষ্টিপাত হয়েছে, তবে এবারের মত এত বৃষ্টিপাত আগে হয়নি। তিনি জানান, ২০২১ সালের ২৮ জুলাই ২৪ ঘণ্টায় ১৪৯ মিলিমিটার, ২০১৫ সালের ২৫ জুলাই ২৯৯ মিলিমিটার, ২০১২ সালের ১২ জুলাই ১৮৪ মিলিমিটার এবং ২০০৮ সালের ১৩ জুলাই ১৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এবার সেই সব রেকর্ড ছাড়িয়ে ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি আরও জানান, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায়ও ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, বর্ষা মৌসুমে জুলাই মাসে সাধারণত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তবে এবারের টানা ভারী বর্ষণ অতীতের প্রায় সব রেকর্ড ভেঙে দিয়েছে। ১৯৮৪ সালের ৫১১ মিলিমিটারের রেকর্ড এখনো অক্ষুণ্ন থাকলেও চলমান বৃষ্টিপাতের কারণে সেটিও অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×