ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সাভারে যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ

সাভারে যুবলীগের দুই নেতাকর্মী রিমান্ডে
×

ছবি: সংগৃহীত

 সমকাল প্রতিবেদক ও নিজস্ব প্রতিবেদক, সাভার 

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৮:০২ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৩:৩১

| প্রিন্ট সংস্করণ

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এর পর ঘটনায় জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার ভোরে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে সংসদে আইনমন্ত্রী বলেছেন, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত সোমবার মধ্যরাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে সাভার মডেল থানায় মামলা করেছেন। এর পর গতকাল ভোরে পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তারা হলেন– মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) ও সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজীব (৩২)। মো. নুরুল ইসলাম উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি। আর সজীব যুবলীগকর্মী বলে জানিয়েছে পুলিশ। তারা দুজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ জানিয়েছেন, ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ রিমান্ডের এই আদেশ দিয়েছেন।

কঠোর ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী
এনসিপির সমাবেশে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকার স্বচ্ছতার সঙ্গে কঠোর ব্যবস্থা নেবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এর আগে পয়েন্ট অব অর্ডারে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন হামলার বিষয়টি সংসদে উত্থাপন করে বিচার দাবি করেন। 

আখতার বলেন, ‘সরকারি দলের মতো বিরোধী দলেরও সমাবেশ করার অধিকার আছে। সে অধিকার থেকেই জুলাই পদযাত্রা করছে এনসিপি। গত সোমবার উদ্বোধনী দিনে সাভারে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ আমরা সাভারের সমাবেশে ছিলাম। মঞ্চে ওঠার আগে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। যোগাযোগের চেষ্টা করেও বিদ্যুতের কাউকে পাওয়া যায়নি। বক্তব্য চলাকালে ভয়াবহ বিস্ফোরণ হয়। এতে অনেকে রক্তাক্ত হন।’ 

আখতার প্রশ্ন করেন, সমাবেশের সময় কেন বিদ্যুৎ থাকবে না? সরকারি দলের কাছে জবাব চাই। জবাবে আইনমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কিছু কথা বলতে চাই। এনসিপির সদস্য সচিব যে বিষয়টি উত্থাপন করেছেন, তা খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশ্বস্ত করতে পারি, এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তাঁর বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব, স্বচ্ছতার সঙ্গে ততটা কঠোর পদক্ষেপ সরকার নেবে।’

প্রশাসনের যোগসাজশে হামলা: জামায়াত
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল সকালে বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ। সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণের ঘটানো কোনো সাধারণ ঘটনা নয়। 

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, সাভারে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল বিকেলে নগরীর জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই সমাবেশের আয়োজন করে এনসিপি চট্টগ্রাম মহানগর। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন আবির ও নিজাম উদ্দিন। 

বক্তারা সাভারে জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন

×