ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু
×

দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সুমাইয়ার মরদেহ উদ্ধার করেন। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৫:১৩ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৫:৪৯

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগর ও সীতাকুণ্ডে পৃথক পাহাড়ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক নারী।

বুধবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার চশমা পাহাড় এলাকায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। একই দিন সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় পাহাড়ধসে ১০ মাস বয়সী আশরাফুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা লামিয়া আক্তার মাটিচাপা পড়ে আহত হন।

নিহত সুমাইয়া চশমা পাহাড় এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে। দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হয়ে যেতে সক্ষম হলেও পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে বুধবার সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে ১০ মাস বয়সী আশরাফুল ইসলাম, মঈন উদ্দিনের ছেলে মারা যায়। একই ঘটনায় তার মা লামিয়া আক্তার মাটিচাপা পড়ে আহত হন। পরে স্থানীয়ভাবে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের ৬ নম্বর সমাজ এলাকায় পাহাড়ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আহত শিশুটির মায়ের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত চার দিন ধরে সীতাকুণ্ডে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ধসের আশঙ্কায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছিল। তা সত্ত্বেও এ দুর্ঘটনা ঘটেছে। এখনও অনেক মানুষ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন। তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

আরও পড়ুন

×