প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য যেন কেউ খালে না ফেলেন: প্রধানমন্ত্রী
বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৮:২৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৯:৩০
বরিশাল নগরীর ঐতিহাসিক সাগরদী খালপাড়ে সাড়ে ৩০০ গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে খালটি পরিচ্ছন্ন রাখতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য বর্জ্য যেন কেউ খালে না ফেলেন।
আজ সোমবার দুপুর ২টার দিকে নগরের ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশ গোডাউন এলাকায় সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘সাগরদী খালের পাড়ে ৩৫০টি গাছ রোপণ করা হবে। এসব গাছের পরিচর্যার দায়িত্ব এলাকাবাসীকেই নিতে হবে।’
খালের প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কী সুন্দর এই খালটি বয়ে গেছে। গাছগুলো বড় হলে জায়গাটি আরও দৃষ্টিনন্দন হবে।’
খাল রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্লাস্টিকের বোতল, পলিথিন, টিস্যুসহ কোনো ধরনের ময়লা-আবর্জনা খালে ফেলা যাবে না। সবাই যেন নির্ধারিত ডাস্টবিনে বর্জ্য ফেলেন।’
এ সময় সিটি করপোরেশনের প্রতি সুয়ারেজ লাইন খালে না ফেলে বিকল্প ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই তো কদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলনে অংশ নিয়েছে। দেশের কল্যাণে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে তার সুফল জনগণই পাবে।’
সাগরদী খাল মহান মুক্তিযুদ্ধের বেদনাবিধুর স্মৃতিবিজড়িত একটি স্থান। ত্রিশ গোডাউন এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর দক্ষিণাঞ্চলীয় প্রধান ক্যাম্প ছিল। মুক্তিযোদ্ধাদের ধরে এনে খালপাড়ে গুলি করে হত্যা করা হতো এবং মরদেহ কীর্তনখোলা নদীতে ভাসিয়ে দেওয়া হতো। ওই স্থান সংরক্ষণ করে বর্তমানে সেখানে একটি বধ্যভূমি নির্মাণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির উপদেষ্টা মজিবর রহমান সরওয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
- বরিশাল