বারবিকিউ পার্টি কেন গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা দিলেন স্কালোনি
আর্জেন্টিনার খেলোয়াড়েদের বারবিকিউ। ছবি: সংগৃহিত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৯:১৫
বিশ্বকাপ খেলতে এসে শুধু ফুটবল নিয়ে পড়ে থাকেন না লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। তারা কার্ড খেলেন। ম্যাচের আগে বারবিকিউ পার্টি করেন। গল্পে-আড্ডায় মেতে থাকেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মতে, বিশ্বকাপে শুধু গোল, শিরোপা কিংবা মাঠের মুহূর্ত নয়, আড্ডার স্মৃতিও খেলোয়াড়দের কাছে একসময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোয়ার্টারের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ স্কালোনি জানান, এই বারবিকিউ পার্টি দলের ঐক্য গড়ে তুলতে বিশেষ ভূমিকা রেখেছে। এটাকে তারা একটি ঐতিহ্যে পরিণত করেছেন। যা দলকে আরও শক্তিশালী করে তুলেছে।
আলবিসেলেস্তেদের স্কালোনি বলেন, এগুলোই বিশ্বকাপের সবচেয়ে সেরা মুহূর্ত। আমরা কখনোই এটা বলে ক্লান্ত হব না। মিশরের বিপক্ষে জয়ের পর উদযাপন অবশ্যই বিশেষ মুহূর্ত। এসব অভিজ্ঞতা জীবনে কখনো ফিরে আসবে না। তেমননি তারা একই সতীর্থদের সঙ্গে থাকছে, কার্ড খেলছে, বারবিকিউ পার্টি করছে। এগুলোও স্মরণীয় হয়ে থাকবে।’
উদাহরণ দিয়ে স্কালোনি জানান, ১৯৯৭ সালে তিনি দলের সঙ্গে মালয়েশিয়া সফরে এসেছিলেন। সেখানে পাবলো আইমার ও স্যামুয়েল ওয়াল্টারের সঙ্গে স্মৃতি এখনো জীবনে দাগ কেটে যায়, ‘আমরা অনুশীলন সেশন কমিয়ে বারবিকিউ পার্টি করি। আমরা এমন অনেক কিছুতে গুরুত্ব দেই, যা হয়তো অন্যদের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়। কিন্তু খেলোয়াড়দের জন্য এগুলোও স্মৃতি হয়ে থাকবে।’
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা নকআউট পর্বের প্রতিটি ম্যাচে কামব্যাক করে জিতেছে। কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এসেছে তারা। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে আকাশি-সাদা জার্সির দলটি। ওই ম্যাচের আগে দলকে মনোযোগী রাখতে স্কালোনি অনুশীলনের পাশাপাশি শিষ্যদের একসঙ্গে হাসি-ঠাট্টায় সময় কাটানোকেও গুরুত্বপূর্ণ মনে করছেন।
- বিষয় :
- ফুটবল বিশ্বকাপ-২০২৬