ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

কষ্ট আর্জেন্টিনার ডিএনএতে মিশে আছে: স্কালোনি

কষ্ট আর্জেন্টিনার ডিএনএতে মিশে আছে: স্কালোনি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৩:৩৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৩:৩৮

গ্রুপপর্বের তিন ম্যাচে দাপুটে জয় নিয়েই নকআউটে পা রেখেছিল আর্জেন্টিনা। কিন্তু নকআউট পেরিয়ে সেমিফাইনালের পথটা মোটেও সহজ ছিল না। শেষ বত্রিশে কেপ ভার্দে, শেষ ষোলোতে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে রীতিমতো ঘাম ঝরিয়ে জিততে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। প্রতিপক্ষ যে-ই হোক আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিয়েই জিততে হবে- এমনটাই যেন মেনে নিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। দেশটির বিশ্বকাপজয়ী কোচ বলেন, তীব্র চাপ উপেক্ষা করে লড়াই করে জয় পাওয়াটাই তাদের পরিচয়।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর স্কালোনি বলেন, ‘আমরা জানতাম, আমাদের কষ্ট করে জিততে হবে। এটা আমাদের রক্তে মিশে গেছে, আমাদের ডিএনএতেই আছে। এটাই আমাদের মানসিক শান্তি দেয়।’

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার প্রত্যেকটি ম্যাচই ছিল নাটকীয়তায় ভরা। কেপ ভার্দের মতো নবাগত প্রতিপক্ষের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয়। এরপর মিসরের বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পরেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডও আর্জেন্টাইনদের কঠিন পরীক্ষা নিয়েছে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় নিয়ে সেমিফাইনের টিকিট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্কালোনির বিশ্বাস, ২০২২ বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতাই কঠিন মুহূর্তগুলো সামলে তার দলকে জয় পেতে সাহায্য করছে। তিনি বলেন, ‘কাতারে আমরা এতটা অভিজ্ঞ ছিলাম না, আমিও ছিলাম না। তখন এমন পরিস্থিতি সামলানো কঠিন ছিল। কিন্তু এখন আমরা জানি প্রতিপক্ষের চাপে পড়া কেমন, সমতা ফিরিয়ে আনার চাপ কেমন। তাই আজ আমরা শান্ত থাকতে পেরেছি। এই দল কখনো হাল ছাড়ে না।’

সুইজারল্যান্ডের প্রশংসাও করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘ওরা খুব কঠিন প্রতিপক্ষ ছিল। একের বিপক্ষে এক লড়াইয়ে ওরা দারুণ শক্তিশালী ছিল। টানা পাঁচ-ছয়টি পাস খেলাও আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। সত্যিই অনেক ভুগতে হয়েছে।’

খেলোয়াড়দের প্রশংসা করে স্কালোনি বলেছেন, ‘সব কৃতিত্ব খেলোয়াড়দের। তারা পুরো প্রক্রিয়ার ওপর বিশ্বাস রেখেছে। আমরা একটি দল, আমরা ঐক্যবদ্ধ। আর এটাই প্রমাণ করে ফুটবল কতটা কঠিন খেলা।’

আরও পড়ুন

×