ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১২:৩৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৩:৩৯

বুধবার আটলান্টায় ২০২৬ বিশ্বকাপের মেগা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বমঞ্চে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ নিশ্চিত হতেই মাঠের বাইরের কথার লড়াই জমে উঠেছে। আর এই তপ্ত আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল। থ্রি লায়ন্সদের বিপক্ষে ক্যারিয়ারে প্রথমবারের মতো খেলতে যাওয়া লিওনেল মেসিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।

নেটফ্লিক্স স্পোর্টসের এক বিশেষ টকশোতে ইংল্যান্ডের সাবেক তিন কিংবদন্তি গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও মাইকা রিচার্ডসের সাথে আড্ডায় বসেছিলেন জো কোল। সেখানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের রণকৌশল এবং লিওনেল মেসি। ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা চেলসির সাবেক তারকা কোল আলোচনার এক পর্যায়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘তাকে (মেসি) ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, একদম নিশ্চিতভাবে।’

জো কোলের এমন ঝাঁঝালো মন্তব্য শুনে সাথে সাথেই তাকে থামানোর চেষ্টা করেন অনুষ্ঠানে উপস্থিত গ্যারি লিনেকার ও অ্যালান শিয়েরাররা। অতীতে মেসির বিপক্ষে কথা বলে দলগুলোর যে করুণ পরিণতি হয়েছে, তা তাদের ভালো করেই জানা। কোলের এই কথা শুনে মেসি যদি উল্টো তেঁতে গিয়ে মাঠে আগুন ঝরান, সেই ভয়টাই পাচ্ছিলেন তারা। লিনেকাররা কোলকে সতর্ক করে বলেন, ‘এভাবে বলো না। পরে দেখা যাবে।’ তবে জো কোল নিজের অবস্থানে অনড় থেকে যোগ করেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, আমরা বিশ্বকাপের ফাইনালে যাব।’

অনুষ্ঠানে উপস্থিত সাবেক ডিফেন্ডার মাইকা রিচার্ডস অবশ্য কোলকে মনে করিয়ে দেন যে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানো এত সহজ হবে না। তিনি বলেন, ‘আর্জেন্টিনার ফুটবলাররা অত্যন্ত ধূর্ত এবং তাদের মধ্যে এক সহজাত জয়ী মানসিকতা রয়েছে।’

তবে নতুন প্রধান কোচ টুখেলের অধীনে থাকা ইংলিশদের শক্তির ওপরও পূর্ণ আস্থা আছে রিচার্ডসের। তার ভাষ্য, ‘আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরাই জিতব। আমি এটা হাড়ে হাড়ে অনুভব করছি।’

লিওনেল মেসিকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেও, জো কোলের এমন মন্তব্য ফুটবল ভক্তদের কিছুটা অবাকই করেছে। কারণ এই জো কোলই ক্যারিয়ারজুড়ে বহুবার প্রকাশ্যে মেসির ফুটবল জাদুর প্রশংসা করেছেন। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও মেসিকে যোজন যোজন এগিয়ে রেখেছিলেন তিনি।

চলমান এই বিশ্বকাপের ঠিক আগেই জো কোল চিরন্তন মেসি-রোনালদো দ্বৈরথ নিয়ে বলেছিলেন, ‘আমার মনে হয়, রোনালদো হয়তো রাতে বালিশে মাথা রেখে ভাবেন, ইশ, আমি যদি মেসির মতো ভালো হতে পারতাম! মেসি ঠিক আছে। ফুটবল ইতিহাসের সবকিছু জেতা একমাত্র সেই। হ্যাঁ, একমাত্র সেই শান্তিতে ঘুমায়।’

বিশ্বকাপের আগে যে মেসি বন্দনায় মাতলেও সেমির মহারণের আগে এখন তাকেই ‘ঘুম পাড়িয়ে’ টুর্নামেন্ট থেকে বিদায় করার হুঙ্কার দিচ্ছেন এই সাবেক ইংলিশ তারকা।

আরও পড়ুন

×