ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম
×

সামসুল আলম ও খোরশেদ আলম খসরু।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৩:১৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৩:৪৫

বাণিজ্য মন্ত্রণালয়ের আপিল বোর্ডের রায়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলমের প্রার্থিতা পুনর্বহাল হয়েছে। ফলে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিতব্য নির্বাচনে তাদের অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।

রোববার (১৩ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও আপিল বোর্ডের চেয়ারম্যান মাহবুবা খাতুন মিনুর নেতৃত্বে গঠিত আপিল বোর্ড এ সিদ্ধান্ত দেন।

এর আগে গত ৫ জুলাই পরপর দুই মেয়াদে একই পদে দায়িত্ব পালনকারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না-এমন যুক্তিতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন বোর্ড খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের প্রার্থিতা বাতিল করে। পরে গত ৭ জুলাই তারা ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।

আপিল বোর্ড সংশ্লিষ্ট সব নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে রোববার বিকেলে তাদের আবেদন মঞ্জুর করে এবং প্রার্থিতা পুনর্বহাল করে।

রায়ের পর প্রতিক্রিয়ায় খোরশেদ আলম খসরু বলেন, আপিল বোর্ডের সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্তে আমি ন্যায়বিচার পেয়েছি। এ জন্য আপিল বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শামসুল আলম বলেন, আপিল বোর্ডের এই রায়ের মধ্য দিয়ে সত্যের জয় হয়েছে বলে আমি মনে করি। আগামী ৮ আগস্ট উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ী ও বিজিত সবাইকে সঙ্গে নিয়ে আমরা চলচ্চিত্র শিল্পকে আরও এগিয়ে নিতে কাজ করতে চাই।

আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে রয়েছেন খোরশেদ আলম খসরু-শামসুল আলম, অন্য প্যানেলে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল-কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। এবারের নির্বাচনে দুই প্যানেল মিলিয়ে মোট ৪২ জন প্রযোজক বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

×