ক্যান্সারে আক্রান্ত ইবরার টিপু, জানালেন স্ত্রী বিন্দু কণা
ইবরার টিপু। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২০:৫৫
দীর্ঘ সময় ধরে দেশের সংগীতাঙ্গনে সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী হিসেবে কাজ করে আসছেন ইবরার টিপু। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে টিপুর শারীরিক পরিবর্তন দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণা।
ইবরার টিপুর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় বিন্দু কণা জানান, টিপু কিডনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং গত প্রায় দুই বছর ধরে এই রোগের সঙ্গে লড়াই করেছেন।
তিনি বলেন, ‘এটি ইবরার টিপুর প্রোফাইল। আমি ইবরার টিপুর স্ত্রী, বিন্দু কণা। ওর বড় একটি সার্জারি হয়েছে, তাই এখনো ঠিকভাবে কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।’
সাম্প্রতিক ভিডিও প্রকাশের পর অনেকেই উদ্বেগ প্রকাশ করে ফোন করেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে সবার ফোন রিসিভ করা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। একটু সুস্থ হয়ে উঠলে ও নিজেই সবার সঙ্গে যোগাযোগ করবে।’
এরপরই টিপুর অসুস্থতার বিষয়টি প্রকাশ করে বিন্দু কণা বলেন, ‘গত প্রায় দুই বছর ধরে ও কিডনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিল। আলহামদুলিল্লাহ, সেই কঠিন যাত্রা এখন শেষ হয়েছে এবং ও সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন, যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।’
কেন এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেন তিনি। তার ভাষ্য, ‘আমরা আগে কাউকে বিষয়টি জানাতে চাইনি। কারণ বুঝতে পারিনি এই যাত্রাটা এত দীর্ঘ ও কঠিন হবে। কিন্তু গতকাল ও এই অবস্থাতেই লাইভে আসায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন। অনেকে জানতে চেয়েছেন, ও এত শুকিয়ে গেল কেন। আসলে ও একটি বড় লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিল।’
সবশেষে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন ও আগের চেয়ে ভালো আছে। সবাই দোয়া করবেন, যেন খুব দ্রুত সুস্থ হয়ে আগের সেই ইবরার টিপু হিসেবে সবার মাঝে ফিরে আসতে পারে।’
তিন দশকেরও বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে কাজ করে আসছেন ইবরার টিপু। তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি সংগীতাঙ্গনের অনেকেই জানলেও এতদিন এ নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। এবার প্রথমবারের মতো বিষয়টি জানালেন তার স্ত্রী বিন্দু কণা।
- বিষয় :
- বিন্দু কণা
- সংগীত
- ইবরার টিপু