ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিমি বৃষ্টি, আরও ভারী বর্ষণের পূর্বাভাস

২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিমি বৃষ্টি, আরও ভারী বর্ষণের পূর্বাভাস
×

পানিতে তলিয়ে গেছে রাজধানীর বনানীর সড়ক। ছবি- মামুনুর রশিদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৩:২৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৩:৩৬

রাজধানী ঢাকায় টানা বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর আরও সক্রিয় হয়ে পড়েছে। এ কারণে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু আবার সক্রিয় হলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়। একই সময়ে ঢাকায় ১৩ মিলিমিটার, বগুড়ায় ৩৫, সিলেটে ৩২, ময়মনসিংহে ২৩, নওগাঁয় ১৮ এবং রংপুরে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ বলেন, সোমবার দেশের উত্তরাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

এর আগে রোববার রাজধানীতে ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, যা চলতি বর্ষা মৌসুমে ঢাকায় এক দিনে সর্বোচ্চ। তবে ঢাকার ইতিহাসে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর। সেদিন ৩৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এ ছাড়া ২০০৯ সালের ২৮ জুলাই ৩৩৩ মিলিমিটার এবং ১৯৫৬ সালে ৩২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
 

আরও পড়ুন

×