সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাস, আহত ৩
দুর্ঘটনাকবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বহনকারী বাস। ছবি-সমকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ০০:১৯
রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের নিচে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বহনকারী একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বাসচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে হাতিরঝিল থানাধীন মালিবাগ ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাড্ডা–বসুন্ধরা রুটে চলাচলকারী শিক্ষকদের বহনকারী কোস্টার বাসটি মালিবাগ ফ্লাইওভার থেকে নিচে নামার সময় ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এবং সামনে থাকা একটি মোটরসাইকেলের চালক আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, “শিক্ষকদের বহনকারী বাসটি মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমাদের বাসের পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় দুইজন শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন। সামনে থাকা মোটরসাইকেলটি আরেকটু হলে বড় দুর্ঘটনার শিকার হতে পারত।”
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে হাতিরঝিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি জব্দ করে। তবে দুর্ঘটনার পর অভিযুক্ত বাসচালক পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারেক বিন আতিক বাদী হয়ে হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা