অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল গাজীপুরের করণী ফ্যাশনস
ফাইল ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২৩:০৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার করণী ফ্যাশনস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা ছাড়াই গত শনিবার দুপুরে কারখানাটি বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার কারখানার মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) আশিক ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারখানা বন্ধের এই আদেশ জারি করা হয়। শনিবার সকালে শ্রমিকরা কর্মস্থলে গিয়ে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান। কারখানাটিতে মোট প্রায় আট হাজার শ্রমিক কমর্রত রয়েছেন। যার মধ্যে তৈরি পোশাক (গার্মেন্টস) শাখায় কাজ করেন আনুমানিক তিন হাজার কর্মী।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, গত বুধবার বিকেল থেকে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই গার্মেন্টস শাখার শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দেন। পরদিন বৃহস্পতিবার সকালেও তারা কারখানায় প্রবেশ করে কাজ করা থেকে বিরত থাকেন। দফায় দফায় অনুরোধ সত্ত্বেও শ্রমিকরা উৎপাদনে না ফেরায় উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী শনিবার থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। কাজের অনুকূল পরিবেশ তৈরি হলে পরবর্তীতে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। তবে প্রতিষ্ঠানটির নিটিং শাখা এবং একই মালিকানাধীন অন্যান্য কারখানা এই ঘোষণার আওতামুক্ত থাকবে।
আন্দোলনের বিষয়ে শ্রমিকদের দাবি, মালিকপক্ষ প্রতি মাসের বেতন একবারে না দিয়ে ধাপে ধাপে পরিশোধ করে। এতে বাসা ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। এই অনিয়মের প্রতিবাদ জানাতেই কাজ বন্ধ রেখেছিলেন তারা।
বক্তব্য জানতে করণী ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউর রহমান খানের ফোনে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও রিসিভ করেননি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কারখানাটিতে বেশ কিছু দিন ধরেই শ্রমিক অসন্তোষ চলছিল। বন্ধ ঘোষণার পর যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশি নজরদারি রয়েছে।
- বিষয় :
- পোশাক কারখানা
- গাজীপুর
- বন্ধ ঘোষণা