ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

আমার দুটি মেয়ে আছে, চাকরি দিন—বাবার সেই আর্তি ভুলতে পারেন না ভাগ্যশ্রী

আমার দুটি মেয়ে আছে, চাকরি দিন—বাবার সেই আর্তি ভুলতে পারেন না ভাগ্যশ্রী
×

দক্ষিণ ভারতের অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৪:৪৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৪:৪৮

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী বোরসে পর্দায় এখন সফলতার মুখ দেখছেন। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশবের আর্থিক সংকট, বাবা-মায়ের সংগ্রাম এবং সেই অভিজ্ঞতা কীভাবে তাকে আজকের অবস্থানে পৌঁছাতে অনুপ্রাণিত করেছে, তা অকপটে তুলে ধরেছেন এই অভিনেত্রী।

'অনারেস্ট টাউনহল'-এ দেওয়া সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন, তার জন্মের সময়ই বাবা চাকরি হারান। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারকে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে।

অভিনেত্রীর ভাষায়, ‘আমার জন্মের পর থেকেই জীবনের এক ভিন্ন বাস্তবতা দেখেছি। আমরা নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। স্থিতিশীল জীবন কেমন, তা ছোটবেলায় কখনও দেখিনি। বরং দেখেছি, বাবা-মা প্রতিনিয়ত সন্তানদের জন্য লড়াই করছেন, কখনও হাল ছাড়েননি। কারণ আমরা একেবারে শূন্য থেকে উঠে এসেছি।’

তিনি জানান, ছোটবেলায় টাকার গুরুত্ব না বুঝলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা-মায়ের প্রতিটি হিসাব-নিকাশ তার চোখে পড়ে।

‘শিশু বয়সে টাকা কী, সেটা বোঝার সুযোগ থাকে না। তখন শুধু খেলাধুলা আর ভালোভাবে খাওয়াদাওয়াই গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু বড় হওয়ার পর দেখেছি, ১০ টাকার কাঁচামরিচ, ১০ টাকার পালং শাক-সবকিছুর হিসাব রাখা হতো। বাবা-মা ভাবতেন, এই সপ্তাহে যদি ৩০০ রুপি খরচ হয়, তাহলে পরের সপ্তাহ কীভাবে চলবে। তাদের সেই সংগ্রাম আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে।’

সবচেয়ে আবেগঘন স্মৃতির কথা বলতে গিয়ে ভাগ্যশ্রী জানান, একসময় নিজের বাবাকে অন্যের কাছে চাকরির জন্য অনুরোধ করতে দেখেছিলেন।

তিনি বলেন, ‘আমি নিজের বাবাকে বলতে শুনেছি-"দয়া করে আমাকে একটা চাকরি দিন। আমার দুটি মেয়ে আছে।" ছোট্ট একটা শিশুর জন্য বাবাকে এভাবে অনুরোধ করতে দেখা খুবই কষ্টের ছিল।’

সেই মুহূর্তই তার জীবন বদলে দেয় বলে জানান এই অভিনেত্রী। ‘তখনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার বাবাকে আর কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে দেব না। আমি বড় হয়ে এমন কিছু করব, যাতে তিনি সবসময় মাথা উঁচু করে চলতে পারেন। আমার জীবনের সব স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু আসলে আমার বাবা-মা।’

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে জন্ম নেওয়া ভাগ্যশ্রী বোরসে শৈশবের সাত বছর কাটিয়েছেন নাইজেরিয়ার লাগোসে। পরে ভারতে ফিরে মুম্বাইয়ে ম্যানেজমেন্ট স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি মডেলিং শুরু করেন।

'ইয়ারিয়াঁ ২' ও 'চান্দু চ্যাম্পিয়ন'-এ ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও, রবি তেজার বিপরীতে 'মিস্টার বচ্চন' সিনেমায় প্রথমবারের মতো নায়িকা হিসেবে সুযোগ পান তিনি। এরপর 'কিংডম', 'কান্থা' ও 'আন্ধ্র কিং তালুকা'সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে অখিল আক্কিনেনির সঙ্গে তার নতুন সিনেমা 'লেনিন'। আগামীতে তামিল অ্যাকশন সিনেমা 'সেয়ন'-এ অভিনেতা শিবকার্তিকেয়ানের বিপরীতে দেখা যাবে ভাগ্যশ্রী বোরসেকে।

আরও পড়ুন

×