ভাড়া বাসায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৫:৫৯
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় একটি ভাড়া বাসা থেকে নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাজমুন নাহার স্বপ্না মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের বাসিন্দা। তিনি নজরুল ইসলাম ও ফিরোজা বেগমের মেয়ে। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বড় ভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের ভাষ্য, স্বপ্না খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। ব্যক্তিগত জীবনে তিনি একাধিকবার বিয়ে করেন। প্রথম স্বামী ওমর ফারুকের সঙ্গে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরে তাদের বিচ্ছেদ হয়। এরপর শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের মো. শাহাদাত হোসেনকে বিয়ে করলেও সেই সংসারও টেকেনি। সর্বশেষ একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রবাসী রাসেল চৌধুরী রাজুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিল বলে পারিবারিক সূত্র জানিয়েছে। ওই সংসারে তাদের কোনো সন্তান ছিল না।
স্থানীয়দের বরাতে জানা যায়, মাত্র চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার দুই কক্ষবিশিষ্ট একটি ভাড়া বাসায় ওঠেন। সোমবার সকাল ৮টার দিকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তার সঙ্গে থাকা শিশুরা কান্নাকাটি করতে করতে নিচে নেমে এলে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বাসায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলছে।
বাসার মালিকপক্ষের সদস্য মেহেদী হাসান জানান, চার দিন আগে রাসেল চৌধুরী নামে এক প্রবাসী ব্যক্তি স্বামী পরিচয়ে ওই নারীর জন্য বাসাটি ভাড়া নেন।
- বিষয় :
- চাঁদপুর
- ঝুলন্ত মরদেহ উদ্ধার