যশোরে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
নিহত রুবেল হোসেন
যশোর অফিস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৬:২৭
যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার খাজুরা তেলপাম্পসংলগ্ন ওজন স্কেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল বন্দবিলা ইউনিয়নের তেলীধান্যপুড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে। তিনি বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত রাব্বি নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর বলে জানা গেছে।
নিহতের ভাই রাজিব হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেলের বুক, পিঠ ও মুখে একাধিক আঘাত করেন। পরে তাকে সকাল ১১টা ৫০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিসমত আরা বলেন, রুবেল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা