ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গিয়ে হত্যা করে লাশ গুমের কথা জানালেন স্ত্রী

স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গিয়ে হত্যা করে লাশ গুমের কথা জানালেন স্ত্রী
×

মাটি খুঁড়ে লাশ উত্তোলনের চেষ্টা পুলিশের

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৬:৪৪ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৬:৪৬

ইজিবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মারুফ নামে এক চালককে হত্যা করে লাশ বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়ার দাবি করেছে এক দম্পতি। হত্যাকাণ্ডের ৫ মাস পর আজ সোমবার থানা-পুলিশকে বিষয়টি জানান ফাল্গুনী খাতুন নামে এক নারী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খুলনা মহানগরীর হরিণটানা থানার বুলু ওয়েল আবাসিক এলাকায়। এ ঘটনায় ফাল্গুনী খাতুন ও তার স্বামী মুরাদ মোল্লাকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। 

নগরীর হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, সকালে ফাল্গুনী নামে এক নারী থানায় এসে তার স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। একপর্যায়ে তিনি জানান, ৫ মাস আগে তার স্বামী মারুফ নামে এক ব্যক্তিকে হত্যা করে লাশ বাড়ির আঙিনায় মাটিচাপা দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ওই বাড়িতে গিয়ে তার স্বামীকে আটক করে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো পর গর্ত খুঁড়ে লাশ উত্তোলনের সিদ্ধান্ত হয়। দুপুর থেকে খোঁড়ার কাজ শুরু হয়। কিন্তু ভারী বৃষ্টির কারণ কাজ বন্ধ রাখতে হচ্ছে।  

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। গত রমজানের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ইজিবাইক ছিনিয়ে নিতে মারুফ নামে এক চালককে হত্যা করে লাশ বাড়ির আঙিনায় স্বামী-স্ত্রী দু’জন মিলে পুতে রাখেন। মারুফ ও মুরাদ মোল্লা একসঙ্গে মাদক সেবন করতেন। মাদক সেবনের জন্যই মারুফ ইজিবাইক নিয়ে ওই বাড়িতে আসেন। তখন স্বামী-স্ত্রী তাকে হত্যা করেন।

তিনি বলেন, সিআইডি ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উত্তোলনের কাজ করছে। লাশ তোলার পর ময়নাতদন্ত এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

×