গাইবান্ধার আলোচিত হরিদাস চন্দ্র মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার
হরিদাস চন্দ্র তরনী দাস (ছবি-সংগৃহীত)
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৫:১৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১৬:৩৩
গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান।
রোববার রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ীর শ্রী শ্রী রাম মন্দির থেকে ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি সরোয়ার আলম খান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির বিশেষ দলটি রোববার রাতে অভিযান চালিয়ে হরিদাসকে নিজেদের হেফাজতে নেয়। ঢাকার উত্তরার পশ্চিশ থানায় তার বিরুদ্ধে একটি মানিলন্ডারিং মামলা রয়েছে। সেই মামলায় পলাশবাড়ী পুলিশে সহযোগিতায় রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায় সিআইডি পুলিশ।
হরিদাস চন্দ্র তরনী দাস এলাকায় দীর্ঘদিন ধরে নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন। ২০২২ সালে ৮ নভেম্বর বিভিন্ন অফিসার, মন্ত্রীর ভুয়া পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাত মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হন। সেই মামলা থেকে জামিন নিয়ে তিনি পালিয়ে যান।
- বিষয় :
- গ্রেপ্তার
- সিআইডি
- মানি লন্ডারিং
- পলাশবাড়ি