চট্টগ্রামের বন্যার্তদের সহায়তায় ঢাবি শিক্ষার্থীদের গণতহবিল সংগ্রহ
কয়েক দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে আছে চট্টগ্রামের বেশির ভাগ এলাকা। জলাবদ্ধতার কারণে ব্যাপক দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। বৃহস্পতিবার নগরীর ইপিজেড এলাকার নেভি কলোনি থেকে তোলা-মো. রাশেদ
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৯:৪৮
বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের পানিবন্দি মানুষদের সহায়তায় জরুরি গণতহবিল সংগ্রহ কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম ব্যাচের সাধারণ শিক্ষার্থী।
মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কলাভবন ও ভিসি চত্বরে তিনটি বুথের মাধ্যমে এই গণত্রান কর্মসূচি শুরু হয়েছে।
নগদ অর্থের পাশাপাশি বুথগুলোতে ত্রাণসামগ্রীও গ্রহণ করা হচ্ছে। এর আগে গতকাল সোমবার হল ভিত্তিক তহবিল সংগ্রহ করেন শিক্ষার্থীরা। যেখানে তাদের মোট সংগ্রহ ছিল প্রায় ৭০ হাজার টাকা।
শিক্ষার্থীরা জানান, সংগৃহীত অর্থ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, পলিথিন এবং জরুরি চিকিৎসাসামগ্রী কেনা হবে। এরপর চট্টগ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয়ের মাধ্যমে সরাসরি দুর্গত এলাকায় পানিবন্দি মানুষদের হাতে এই ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
তারা আরও জানান, এই উদ্যোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তহবিলের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা। সাধারণ মানুষ, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আস্থা নিশ্চিতে শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তায় একটি 'রিয়েল-টাইম ডেটাবেস' তৈরি করেছেন। একটি উন্মুক্ত স্প্রেডশিটের মাধ্যমে যে কেউ যেকোনো সময় দেখতে পারছেন অনুদানের পরিমাণ এবং খরচের সার্বিক হিসাব।
উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। চট্টগ্রামের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে আমাদের সবার এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। আমরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি এই তহবিলে সাধ্যমতো অনুদান প্রদানের উদাত্ত আহ্বান জানাচ্ছি।
এই আয়োজনকে আরো বৃহৎ পরিসরে করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে নিউমার্কেট, আজিজ সুপার মার্কেটসহ আশেপাশের মার্কেটগুলোতেও তহবিল সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হবে। যাতে আমাদের এই উদ্যোগে ব্যবসায়ী সমাজও অংশগ্রহণ করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের শিক্ষার্থী মাকসুদ আলম বলেন, আমরা হল ভিত্তিক কালেকশন শেষ করেছি এবং ডিপার্টমেন্ট ভিত্তিক কালেকশন চলমান রয়েছে। টিএসসি, কলা ভবন ,ভিসি চত্বরে আমাদের বুথ রয়েছে। যেখানে যে যার সাধ্যমত সহযোগিতা করতে পারেন। আমরা নিউমার্কেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হতেও অনুদান গ্রহণ করব। এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।