ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

রক্ত পরীক্ষায় দুর্ভোগ কমাতে ১৫ হাসপাতালে নতুন হেমাটোলজি মেশিন

রক্ত পরীক্ষায় দুর্ভোগ কমাতে ১৫ হাসপাতালে নতুন হেমাটোলজি মেশিন
×

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তরের সময়। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১৯:৫২

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১৫টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি অ্যানালাইজার মেশিন দিয়েছে ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড। এর মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে রক্তের বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের আশা, এতে রোগ নির্ণয়ের মান উন্নত হওয়ার পাশাপাশি রোগীদের সময় ও দুর্ভোগ কমবে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে এসব চিকিৎসা সরঞ্জাম সরকারের কাছে হস্তান্তর করা হয়। শীর্ষস্থানীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড সম্পূর্ণ বিনা মূল্যে ১৫টি ‘মিস্পা এইচএক্স৫৮’ অটোমেটিক ফাইভ-পার্ট হেমাটোলজি অ্যানালাইজার উইথ অটোলোডার মেশিন অনুদান দেয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়া আরও দ্রুত করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্য খাতে নতুন গতি এসেছে এবং খুব শিগগিরই বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, চলতি অর্থবছরের প্রায় ৬৯ হাজার কোটি টাকার স্বাস্থ্য বাজেট মানুষের চিকিৎসাসেবা উন্নয়নে ব্যয় করা হবে। এই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ে গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, আমরা একদিনও সময় নষ্ট করতে চাই না। প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আমাদের জবাবদিহি করতে হয়। তাই সব সময় প্রস্তুত থাকতে হবে। 

ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান গোলাম দস্তগীর তৌহিদ জানান, সঠিক রোগনির্ণয় উন্নত চিকিৎসার পূর্বশর্ত। বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার আধুনিকায়নে সরকারের অংশীদার হতে পেরে তারা গর্বিত। তাঁর ভাষ্য, ‘মিস্পা এইচএক্স৫৮’ বিশ্বমানের স্বয়ংক্রিয় হেমাটোলজি অ্যানালাইজার, যা দ্রুত ও নির্ভুলভাবে রক্তের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে আধুনিক রোগনির্ণয় ব্যবস্থা শক্তিশালী করা, দ্রুত ও নির্ভুল সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতেই এসব মেশিন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তৃতীয় প্রজন্মের এই প্রযুক্তির হেমাটোলজি অ্যানালাইজার প্রতি ঘণ্টায় প্রায় ৮০টি রক্ত পরীক্ষা করতে সক্ষম। এর ফলে রোগ নির্ণয়ের মান আরও উন্নত হবে, চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে এবং রোগীদের সেবার জন্য অপেক্ষার সময় কমবে। পাশাপাশি প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে যন্ত্রগুলোর দীর্ঘমেয়াদি কার্যকারিতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিএমএসডির পরিচালক (যুগ্ম সচিব) ড. শফিউর রহমান, ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মমিত ফয়সাল, সিএমএসডির উপপরিচালক, চিকিৎসাবিজ্ঞানী এবং দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×