ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গ্যাসফিল্ডের মূল ফটকে তালা

গ্যাসফিল্ডের মূল ফটকে তালা
×

সিলেটের জকিগঞ্জ গ্যাসফিল্ডের মূল ফটকে ক্ষুব্ধ ভূমি মালিকদের তালা সমকাল

 সিলেট ব্যুরো ও জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

ভূমি অধিগ্রহণের দীর্ঘ আট বছর পরও ক্ষতিপূরণের টাকা না পেয়ে ক্ষোভে সিলেটের জকিগঞ্জ গ্যাসফিল্ডের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকেরা। গতকাল সোমবার ন্যায্যমূল্যের দাবিতে তারা গ্যাসফিল্ডের লোহার তারের গেটে তালা লাগিয়ে দেন।

এর আগে একাধিকবার জমির মূল্য পরিশোধের দাবি জানানোর পাশাপাশি তারা গ্যাসফিল্ডের মাটি ভরাটের কাজেও বাধা দিয়েছিলেন। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, রাজনীতিবিদ আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মোস্তফা আহমদ, আতাই মিয়া, সেলিম আহমদ, আব্দুল হান্নান, ওয়াহিদ মিয়া ও নুরুল হুদাসহ আরও কয়েকজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭ সালে জকিগঞ্জের আনন্দপুর এলাকায় বাপেক্স গ্যাস অনুসন্ধান চালিয়ে গ্যাসের সন্ধান পাওয়ার পর সিলেটের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় থেকে প্রায় ৫ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু জমির মালিকদের কোনো মূল্য না দিয়েই গ্যাসফিল্ডের আনুষ্ঠানিক খনন কাজ শুরু করা হয়। সে সময় মালিকপক্ষ ন্যায্যমূল্যের দাবিতে কাজে বাধা দিলেও তা আমলে নেওয়া হয়নি। এরপর জমির মূল্য আদায়ে দীর্ঘদিন দৌড়ঝাঁপ করলেও নানা অজুহাতে তা ঝুলিয়ে রাখা হয়। তিন বছর আগে জমির শ্রেণি-সংক্রান্ত জটিলতা দেখিয়ে মালিকপক্ষকে নোটিশ দেওয়া হলেও আজ পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি।
জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ জানান, ভূমি অধিগ্রহণের পর মাটি ভরাটের সময় থেকেই মালিকেরা বাধা দিয়ে আসছিলেন। তখন দাপ্তরিক জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক কার্যালয় অর্থ পরিশোধ করতে পারেনি। জমির মালিকপক্ষের প্রতিনিধি ইকবাল আহমদ তাপাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ভূমি অধিগ্রহণের দীর্ঘদিন পর ২০২৪ সালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমির যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তা অত্যন্ত সামান্য। বর্তমান বাজারদর অনুযায়ী জমির ন্যায্যমূল্য না পাওয়া পর্যন্ত আমরা এ জায়গা ছাড়ব না।
এ বিষয়ে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি নতুন যোগদান করায় বিষয়টি সম্পর্কে এখনও বিস্তারিত অবগত নন। 

আরও পড়ুন

×