সেচপ্রকল্প নিয়ে বিরোধে কৃষককে গলা কেটে হত্যার অভিযোগ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৪:৩৬
মুরাদনগরে ওহেদ ভূঁইয়া নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। সকালে পুকুরে ভেসে থাকা অবস্থায় তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ওহেদ ভূঁইয়া লক্ষ্মীপুর গ্রামের ভূইয়া বাড়ির বাসিন্দা। কৃষি কাজের পাশাপাশি একটি সেচ প্রকল্পের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।
জানা গেছে, মঙ্গলবার সকালে পুকুরের মধ্যে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্বজনরা জানান, গত সোমবার রাত প্রায় ৮টার দিকে বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশে বের হন ওহেদ ভূঁইয়া। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ভুক্তভোগীর স্ত্রী জানান, তার স্বামী কৃষি কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার একটি সেচ প্রকল্পে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন। সেচ প্রকল্প নিয়ে অনেকেই তার বিরোধিতা করে আসছিলেন। সেই বিরোধিতার জেরেই তাকে হত্যা করে থাকতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, নিহত কৃষকের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- গলা কেটে হত্যা