ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

আশ্বাসে সাত বছর পার, সংস্কার আর হয় না

আশ্বাসে সাত বছর পার, সংস্কার আর হয় না
×

কুমিল্লার দেবিদ্বার উপজেলার পান্নারপুল থেকে মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী সড়ক। সম্প্রতি দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি থেকে তোলা সমকাল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:২৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

সংস্কারের প্রতিশ্রুতি মিলেছে বারবার। সর্বশেষ দরপত্রও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাস্তবে সাত বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে দেবিদ্বার উপজেলার পান্নারপুল থেকে মুরাদনগর উপজেলার নহল চৌমুহনী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক। এই সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ।

সরেজমিন দেখা গেছে, পৌর এলাকার পান্নারপুল থেকে নহল চৌমুহনী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ইট-পাথর বেরিয়ে এসেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে থাকায় কোনটি রাস্তা আর কোনটি গর্ত, বোঝার উপায় থাকে না। ফলে যানবাহন ধীরগতিতে চলাচল করছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে অ্যাম্বুলেন্স। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যেতে অনেক সময় বিলম্ব হচ্ছে, যা রোগীর জন্যও ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সড়কটির মুরাদনগর উপজেলা অংশের একই অবস্থা।

জানা গেছে, পান্নারপুল-নহল চৌমুহনী-বাখরাবাদ সড়ক একসময় পেট্রোবাংলার অধীনে ছিল। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় আনা হয়। পরবর্তী সময়ে ইলিয়টগঞ্জ থেকে নহল চৌমুহনী হয়ে মুরাদনগর পর্যন্ত অংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে স্থানান্তর করা হয়। এই সড়ক ব্যবহার করে দুই উপজেলার লাখো মানুষ অল্প সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু সড়কটি সংস্কার নিয়ে এলজিইডির দেবিদ্বার ও মুরাদনগর উপজেলা কর্তৃপক্ষের মধ্যে টানাপোড়েন রয়েছে বলে অভিযোগ। 

স্থানীয় বাসিন্দা কাজী নাছির উদ্দিন জানান, সড়কের পাশে কয়েকটি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায়ই যাত্রীবাহী অটোরিকশা উল্টে দুর্ঘটনা ঘটছে। খানাখন্দে পড়ে দীর্ঘ সময় আটকে থাকে পণ্যবাহী পিকআপ ভ্যান। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে সংস্কারের আশ্বাস শুনে আসছি। বাস্তবে কোনো কাজ হয়নি। দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার মধ্যে সড়কটির দায়িত্ব নিয়ে টানাপোড়েন চলছে। এর খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ।’

দেবিদ্বার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কাদেরের ভাষ্য, মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনের অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পান্নারপুল থেকে নহল চৌমুহনী পর্যন্ত পুরো সড়কের একই অবস্থা। মানুষ প্রতিনিয়ত অভিযোগ করছে, কিন্তু তাদের সন্তোষজনক কোনো জবাব দিতে পারছেন না। দুই উপজেলার মধ্যে সমন্বয়ের অভাব এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব নিয়ে টানাপোড়েনের কারণেই সংস্কারকাজ দীর্ঘদিন ঝুলে আছে। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ হয়নি।

দেবিদ্বার উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী নাজমুল হাসান জানান, সড়কের একটি অংশ দেবিদ্বারের হলেও সংস্কার প্রকল্পটি মুরাদনগর উপজেলার আওতায়। তাঁর জানা মতে, কাজের দরপত্র ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী সমকালকে বলেন, পান্নারপুল থেকে নহল চৌমুহনী পর্যন্ত সড়ক সংস্কারের দরপত্র সম্পন্ন হয়েছে। ঠিকাদারও কাজের প্রস্তুতি নিয়েছেন। বর্ষা মৌসুমের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

×