আর্জেন্টিনার খেলা দেখার সময় খালে পড়ে যুবকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:৩০
| প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার মোহনগঞ্জে মোবাইল ফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে গিয়ে খালে পড়ে আহাদ নূর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে মাঘান-সিয়াধার ইউনিয়নের মাঘান গ্রামের সাপমরা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বুধবার রাতে খেলা দেখার সময় নিখোঁজ হন আহাদ। এই তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন।
নিহত আহাদ নূর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। তবে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করছিলেন। কয়েকদিন আগে মোহনগঞ্জে চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাতে মাঘান গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাপমরা খালের পাড়ে বসে মোবাইল ফোনে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে নদীর একেবারে কিনারা থেকে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানায় আর তীরে ফিরতে পারেননি। পরদিন সকাল থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরে গতকাল শুক্রবার সকালে স্থানীয় লোকজন সাপমরা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে ওঠে।
মোহনগঞ্জের মাঘান-সিয়াধার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ বলেন, খালের পাড়েই আহাদের চাচার বাড়ি। গত বুধবার রাতে খালের কিনারায় বসে মোবাইল ফোনে আর্জেন্টিনার খেলা দেখছিলেন আহাদ। হয়তো অসাবধানতাবশত খালে পড়ে ডুবে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। খালে অনেক পানি, খালের ওই অংশটিও অনেক গভীর। আহাদ সাঁতার জানতো না বলে জানিয়েছে পরিবারের লোকজন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন জানান, ধারণা করা হচ্ছে মোবাইল ফোনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে গিয়ে খালের পাড় থেকে পানিতে পড়ে যান আহাদ। তিনি সাঁতার জানতেন না। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে তাঁর লাশ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- মৃত্যু