ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম

খাগড়াছড়িতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম
×

ছবি: বাসস

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৮:৪৮ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৮:৫৩

চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী দল। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন (ডিএমইএস) বিভাগের ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফোরাম’ (ডিএমসিএফ)-এর শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই দলটির নেতৃত্ব দেন বিভাগের এক জ্যেষ্ঠ প্রভাষক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণের ফলে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে সেখানে ১৫০টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও স্থানীয় বাঙালি পরিবারের বসতঘর এবং জীবিকার উৎস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরই প্রেক্ষিতে স্বেচ্ছাসেবী দলটি শুক্রবার সকালে খাগড়াছড়ির গুইমারায় পৌঁছায়। পরে তারা মাটিরাঙ্গা উপজেলার হরিধন মগপাড়া, তপ্ত মাস্টারপাড়া, কাঁচাকলা, রামদয়ালপাড়া, সাপমারা ও ওয়াছু পাড়া এলাকায় গিয়ে বন্যা ও টানা বর্ষণে সৃষ্ট ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করে। শনিবার ত্রাণসামগ্রীগুলো ট্রাকে করে হরিধন মগপাড়া, সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওয়াছু পাড়া—এই তিনটি বিতরণকেন্দ্রে নেওয়া হয় এবং সেখান থেকে ক্ষতিগ্রস্তদের হাতে তা তুলে দেওয়া হয়।

এ সময় দুর্গত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি পরিবারগুলোর মধ্যে মোট ৯০০ কেজি চাল, ৩০০ পাতা প্যারাসিটামল, ৯০০ প্যাকেট খাবার স্যালাইন, ১৫০ লিটার ভোজ্যতেল, ৩০০ কেজি পেঁয়াজ, ৭৫ কেজি লবণ, চিঁড়া, বিস্কুট, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি-সংক্রান্ত সামগ্রী এবং পোশাক বিতরণ করা হয়। প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২৫০ গ্রাম চিঁড়া, দুই পাতা প্যারাসিটামল, ছয় প্যাকেট খাবার স্যালাইন, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ এবং ৫০০ গ্রাম লবণ।

জরুরি খাদ্য ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি দুর্যোগে বসতবাড়ি হারানো পরিবারগুলোর মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণ সামগ্রীও বিতরণ করে স্বেচ্ছাসেবী দলটি। এছাড়া ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণেও তারা সরাসরি সহায়তা প্রদান করে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×