হাজারো ডিসেম্বর আসবে কিন্তু হাসিনা আসবে না: রাশেদ খান
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২১:০৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ২১:২০
প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে এটা পাগলেও বিশ্বাস করে না। হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু হাসিনা আর আসবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেন। এ সময় তিনি জামায়াতের রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন তোলেন।
আজ মঙ্গলবার বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সার্বজনীন কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন রাশেদ খান।
রাশেদ খান আরও বলেন, জামায়াতের অধিকাংশ সংসদ সদস্য কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না। অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ও ওয়েলফেয়ার মেকানিজমের তত্ত্ব অনুসরণ করে তাঁরা সংসদ সদস্য হয়েছেন। এ কারণে রাজপথের বক্তব্যে তাঁরা অভ্যস্ত নন এবং সংসদে কিংবা রাজপথে বিরোধী দলের নেতা হিসেবে বক্তব্য দিতে গিয়ে প্রায়ই খেই হারিয়ে ফেলছেন।
তিনি আরও বলেন, সরকার সম্পর্কে জামায়াতের আমিরের বিভিন্ন বক্তব্য নিয়ে মানুষ হাসি-তামাশা করছে। গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে যে সমন্বয় থাকা প্রয়োজন ছিল, জামায়াত তা ধারণ করতে পারছে না। ফ্যাসিবাদের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে যে ভাষায় বক্তব্য দেওয়া হতো, জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধেও জামায়াত প্রায় একই ধরনের ভাষা ব্যবহার করছে।
রাশেদ খান বলেন, বিএনপি সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিবে না। কিন্তু জামায়াত তাদেরকে সুযোগ করে দেবার চেষ্টা করছে। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত তারা আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, উপজেলা বিএনপির সদস্য রেজাউল ইসলাম রুনু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মোকসুদুল মোমিন, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান স্বপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জহির হাসান মোহন প্রমুখ।
- বিষয় :
- ঝিনাইদহ
- বিএনপি
- শেখ হাসিনা