জীবনে বহুবার দাদীর চরিত্র করেছি, তবে এটি ভিন্ন: দিলারা জামান
দিলারা জামান। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২২:০৪ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬ | ২২:১১
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেত্রী দিলারা জামানকে নিয়ে নির্মিত হয়েছে পারিবারিক গল্পের নাটক ‘দাদীর আদর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। এতে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী তানিয়া বৃষ্টি ও আলোচিত তরুণ অভিনেতা আবিদ বিন প্রান্ত।
প্রান্তের জন্য দিলারা জামানের সঙ্গে এটি প্রথম নাটকে অভিনয়ের অভিজ্ঞতা।
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার আগে নাটকটিতে অভিনয় করেন তিনি। এটি এখন পর্যন্ত তাঁর অভিনীত সর্বশেষ নাটক। নাটকটি নিয়ে আশাবাদী তানিয়া বৃষ্টি।
দিলারা জামানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের অভিনয় অঙ্গনের বটবৃক্ষ। তাঁর সঙ্গে যতবারই নাটকে অভিনয় করেছি, তাঁর আদর, স্নেহ ও ভালোবাসায় সিক্ত হয়েছি। তাঁর কাছ থেকে অভিনয় শেখার শেষ নেই। তিনি অভিনয়ের পাঠশালা, আমাদের পথপ্রদর্শক। দাদীর আদর নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
দিলারা জামান বলেন, ‘অভিনয় জীবনে বহুবার দাদীর চরিত্রে অভিনয় করেছি। দাদীর আদর নাটকটি চলতি বছরের শুরুর দিকে করা। তানিয়া বৃষ্টি খুব লক্ষ্মী একটি মেয়ে। ভীষণ ভালো অভিনয় করে। মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। এখন শুনছি, সে অনেকটাই সুস্থ হয়ে উঠছে। আল্লাহর কাছে দোয়া করি, বৃষ্টি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সবার কাছে বৃষ্টির জন্য দোয়া চাই। নাটকটির গল্পও খুব সুন্দর। প্রান্ত নামের নতুন ছেলেটিও সুন্দর অভিনয় করেছে।’
আবিদ বিন প্রান্ত বলেন, ‘এই নাটকে আমার দাদীর চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি দিলারা জামান। তানিয়া বৃষ্টির অসুস্থ হওয়ার আগে এটি ছিল তাঁর সঙ্গে আমার সর্বশেষ কাজ। এর আগে তুহিন হোসেন ভাইয়ার পরিচালনায় জয়িতার দিনরাত্রি নাটকে তাঁর সঙ্গে অভিনয় করেছি। দাদীর আদর নাটকে কাজের সুযোগ দেওয়ায় শিশির ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা। আশা করছি কাজটি দর্শকের পছন্দ হবে’।
নাটকটি বৃহম্পতিবার ইউটিউবে প্রচারিত হবে বলে জানিয়েছেন প্রান্ত।
- বিষয় :
- দিলারা জামান
- অভিনেত্রী